গৃহবধূকে নির্যাতন আপস না করলে হত্যার হুমকি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০১:১৬ এএম

নরসিংদীর রায়পুরার রহিমাবাদ বাজারে এক গৃহবধূকে (২৮) মারপিট করেছে একই এলাকার নাজমুল ও তার সহযোগীরা। এ ব্যাপারে গতকাল বুধবার ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত সোমবার রহিমাবাদ বাজারের একটি ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে। দোকানটিতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে গৃহবধূকে মারধরের দৃশ্য।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ওই গৃহবধূর মেয়ে রহিমাবাদ বাজারে গেলে প্রতিবেশী রতন মিয়ার নাতি তাকে মারধর করে। ঘটনাটি রতন মিয়ার বাড়িতে জানাতে গেলে তখন কাউকে পাননি তিনি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রতনের ছেলে নাজমুল প্রথমে বাড়িতে গিয়ে ওই গৃহবধূকে পিটিয়ে আহত করে। তাৎক্ষণিক ওই নারী থানায় অভিযোগ করার জন্য বাড়ি থেকে বের হয়ে রহিমাবাদ বাজারে পৌঁছালে পেছন থেকে লাঠি নিয়ে আবারও ওই নারীর ওপর অতর্কিত হামলা চালায় নাজমুলরা। ভুক্তভোগী গৃহবধূ বলেন, স্থানীয়ভাবে আপস না করলে হত্যা করা হবে বলে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত নাজমুলের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ঘটনার সত্যতা পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত