দর্শনা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করল বিজিবি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১:৩৪ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার কৃত স্বর্ণের পরিমাণ চার কেজি (৩৪২ দশমিক ৯ ভরি)।

শুক্রবার সকাল ১০টার দিকে ৬ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার দর্শনা থানাধীন রামনগর এলাকা থেকে এগুলো জব্দ করেন।

বিজিবি-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। প্রতিটি বারের ওজন এক কেজি। চারটি সোনার বারের বর্তমান বাজারমূল্য ২ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা। বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে পাচারের জন্য দর্শনার রামনগরে এগুলো আনা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতে কখনো এক কেজি ওজনের স্বর্ণের বার পাওয়া যায়নি। প্রথমবারের মতো এমন স্বর্ণের বার জব্দ করার পর তা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর, সন্ধ্যায় তা গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবরের ভিত্তিতে ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং বারাদী সীমান্তচৌকির নায়েক মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল অভিযানে নামে। দলটি সীমান্তের ৭৮ নম্বর মেইন পিলার থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামনগর ঈদগাহ মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় চার কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করে। জব্দ করা স্বর্ণের বারগুলো রাতে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা শেষে দর্শনা থানায় মামলা করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত