পাবনায় বাংলা মদপানে ৩ যুবকের মৃত্যু

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৭:৪০ পিএম

পাবনায় বিষাক্ত বাংলা মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃত যুবকরা হলেন, শহরের চক ছাতিয়ানির রবিউল ইসলাম রোমন (৩৫), জনি (৩০) ও রুবেল (৩২) । এ ছাড়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একই এলাকার সবুজ ও রতন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে দেশি মদ কিনে ছাতিয়ানি কলাবাগান মাঠপাড়া এলাকায় নিয়ে পান করে। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে জনি মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথে রোমান ও রুবেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রতন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান জানান, অসুস্থ সবুজ জানিয়েছে, তারা বন্ধুরা শহরের বড় বাজার এলাকা থেকে দেশি মদ কিনে রাতে একসঙ্গে পান করে। পরদিন সকালে সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

রোকনুজ্জামান আরো জানান, যুবকদের মৃত্যুর বিষয়টি তাদের পরিবার গোপন করার চেষ্টা করছিল, পরে পুলিশ ঘটনা জানতে পেরে মৃতদেহগুলো সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যু সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত