জুমবাংলার অনুষ্ঠানে আইজিপি

বিদেশের টাকায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০২:০৯ এএম

বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামচে ধরার চেষ্টা করছে। এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। সব ষড়যন্ত্রের শিকল ভেঙে আমরা সামনে এগিয়ে যাব।’

গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় জুমবাংলা স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করে।

বেনজীর আহমেদ বলেন, ‘বাঙালি প্রকৃত অর্থেই দেশপ্রেমিক জাতি। দেশের জন্য যখনই বাঙালি ঐক্যবদ্ধ হয়েছে, তখনই বিজয় ছিনিয়ে এনেছে। আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব। বঙ্গবন্ধু বলেছিলেন ‘বাংলাদেশের মাটি খুবই খাঁটি। এখানে সোনা ফলে।’ সেই সঙ্গে পরগাছাও ফলে। অনেক সময় দেখা যায় ফসলের চেয়ে পরগাছা বেশি শক্তিশালী হয়ে যায়। এ পরগাছারা আমাদের পেছন থেকে খামচে ধরার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সব ষড়যন্ত্রকে রুখে দিয়েছে।’

শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এমন উদ্যোগের জন্য জুমবাংলাকে ধন্যবাদ জানান আইজিপি।

অনুষ্ঠানে জুমবাংলা স্কুলের কৃতী শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ এবং উন্নতমানের খাবার বিতরণ করা হয়। পরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জুমবাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, সহ-সভাপতি জেরিন সুলতানা। সভাপতিত্ব করেন জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন সেলিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত