টেকনাফ সীমান্তে ৫ কোটি টাকার আইস উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০১:১৭ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ৫ কোটি টাকারও বেশি মূল্যের মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার হয়েছে।

শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, এ সময় উদ্ধার করা ১ কেজি ৩৬ গ্রাম আইসের মূল্য ৫ কোটি ১৮ লাখ টাকা।

এ দিন হ্নীলা বিওপির বিশেষ টহলদল বিআরএম-১২ হতে আনুমানিক ৪০০ গজ উত্তর দিকে জেলেপাড়া সুইচ গেইট এলাকা বরাবর নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধে নিয়মিত টহল কার্যক্রমে নিয়োজিত ছিল।

টহলদল নিজস্ব অবস্থান থেকে আনুমানিক ১৫০-২০০ গজ দুরে রাত পৌনে ১টার দিকে সন্দেহভাজন ২ চোরাকারবারিকে নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ অতিক্রম করতে দেখে। টহলদল তাদের চ্যালেঞ্জ করে খুব দ্রুত অগ্রসর হয়। দুষ্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পাওয়া মাত্রই নাফ নদীতে ঝাঁপ দিয়ে অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত সাঁতরে সীমান্ত অতিক্রম করে।

পরে ওই স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে টহলদল। ব্যাগটি তল্লাশি করে ১ কেজি ৩৬ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিদের আটকের জন্য ওই এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী এলাকায় রাত আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করার জন্য ওই ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত