চতুর্থ ধাপে গত রবিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলাভঙ্গ করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিপক্ষে গিয়ে নির্বাচন করায় ফেনীর সোনাগাজী উপজেলায় আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রফেসর নাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সদর ইউপির চেয়ারম্যান সামছুল আরেফিন ও বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম শিপন।
গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ উদ্দীন খোন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, প্রফেসর নাফিজ উদ্দিন চর দরবেশ ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে, সদর ইউনিয়নে সামছুল আরেফিন ঘোড়া প্রতীক ও বগাদানা ইউনিয়নে সাইফুল ইসলাম শিপন মোটরসাইকেল প্রতীক নিয়ে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। এই তিনটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন।
