পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভেতর থেকে সাড়ে ৯ মেট্রিক টনের বেশি লোহা (রড ও পাইপ) চুরির অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
গত সোমবার রাতে প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের আটক করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেন।
আটকরা হলেন পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ের মৃত হাসেম আলীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ আলী (৩৪), ইউনিয়নের লক্ষ্মীকুণ্ড গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম রাজন (৩৭), ঈশ্বরদীর বাঘইল স্কুলপাড়ার নুর মোস্তফার ছেলে কামরুল হাসান রাসেল (৩৭), ঠাকুরগাঁও জেলার আরাজী মাটিগাড়া গ্রামের মির্জা বেলাল হোসেনের ছেলে মাজহারুল ইসলাম সাদ্দাম (২৮) ও নাটোর বনপাড়ার বাহিমালি গ্রামের খলিলুর রহমানের ছেলে ট্রাকচালক আবুল কালাম আজাদ (৩৮)।
রূপপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রূপপুর প্রকল্পের ভেতর থেকে সোমবার রাতে সাড়ে ৯ মেট্রিক টনের বেশি লোহা নিয়ে একটি ট্রাক বের হওয়ার সময় সেটি থামান নিরাপত্তাকর্মীরা। ট্রাকচালক আবুল কালাম আজাদের কাছে লোহা বাইরে নেওয়ার অনুমতিপত্র চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে আবুল কালাম লোহা বাইরে নেওয়ার সঙ্গে জড়িত চারজনের নাম জানান। পরে রূপপুর প্রকল্প এলাকায় অবস্থানরত ওই চারজনকে আটক করা হয়। এরপর নিরাপত্তাকর্মীরা পাঁচজনকে ট্রাকসহ থানায় হস্তান্তর করেন।
ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, দেশের অন্যতম বৃহৎ এ প্রকল্পের নিরাপত্তায় সার্বক্ষণিক সেনা, বিজিবি, পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কোনো কাগজপত্র ছাড়াই ট্রাকে করে সোমবার রাতে লোহা প্রকল্পের বাইরে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীরা সেটি জব্দ করে এবং পাঁচজনকে আটক করে থানায় দেন। এখন পর্যন্ত কেউ এ ঘটনায় লিখিত অভিযোগ করেনি। এরপরও খোঁজখবর নেওয়া হচ্ছে। আটকরা কাগজপত্র, ট্রাকের চালানসহ প্রয়োজনীয় অনুমতিপত্র দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শিমুল জানান, আটকদের মধ্যে মিরাজ আলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি কোনো দায়িত্বে নেই।
