রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় আরও ৪ জন গ্রেপ্তার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২:৪৩ পিএম

ঢাকার রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যুর পর যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার সকালে র‌্যাবের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই ঘটনার ‘অন্যতম হোতা’ মনির হোসেন ও তার তিন সহযোগীকে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে তাদের কখন কীভাবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি র‌্যাবের বার্তায়।

এর আগে ওই ঘটনায় স্বপন রেজা (২৫) এবং শহীদ ব্যাপারী (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হন মাইনুদ্দিন ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থী।

এর জের ধরে বিক্ষুব্ধ জনতা অনাবিল পরিবহনের ওই বাসটিসহ বেশ কয়েকটি বাসে আগুন দেয়।

পরে ৮০০ জনকে আসামি করে রামপুরা ও হাতিঝিল থানায় দুটি মামলা করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত