ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শাহজাহান আলী নামে নবনির্বাচিত এক ইউপি সদস্যকে ৬২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার আমতলী এলাকা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শাহজাহান আলী উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈরচুনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। অন্য গ্রেপ্তার ব্যক্তি ইন্দ্রোইল শিববাড়ী গ্রামের মৃত আবদুল আলীর ছেলে আকতারুজ্জামান।
পীরগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, শাহজাহান আলী ও আকতারুজ্জামান মঙ্গলবার বিকেলে মাদক নিয়ে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও শহর হতে পীরগঞ্জে আসছিলেন। র্যাব-১৩ দিনাজপুরের একটি দল শহরের টাঙ্গন ব্রিজে অবস্থান নিয়ে তাদের থামতে সংকেত দেয়। সংকেত না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে আমতলী এলাকায় আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ৬২২ পিস ইয়াবা পাওয়া যায়। র্যাবের উপপরিচালক আজিজুর রহমান বাদী হয়ে দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।
