চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ নুর নবী (৪৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ভূজপুর থানাধীন নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টারের পূর্বপাশের বিল থেকে লাশটি উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ।
নিহত নুর নবী নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের কান্তর আলী মুন্সী বাড়ির মৃত নুরু ছাফার ছেলে।
নিহতের স্ত্রী জানান, নুর নবী সর্বশেষ গতকাল সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাত ১টার দিকে তার মুঠোফোনে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে তার লাশের খবর পান পরিবার।
নিহত নুর নবীর দুই মেয়ে রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি (হাটহাজারী সার্কেল) শাহাদাৎ হোসেন, ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী।
পুলিশ জানায়, লাশের গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
