হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে হচ্ছে ঢাকা শিশুপার্ক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০২:২৭ এএম

রাজধানীর শাহবাগে সরকারিভাবে চালু হওয়া দেশের প্রথম শিশুপার্কটির নাম হচ্ছে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘বোর্ডসভায় সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রীয় শিশুপার্কটির নাম ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ নামে নামকরণের প্রস্তাব পাস হয়েছে। সবকিছু ঠিক থাকলে ঢাকা শিশুপার্কটি এখন এ নামেই পরিচিত হবে। বর্তমানে পার্কটিতে উন্নয়নকাজ চলমান থাকায় ২ বছর ৯ মাস ধরে বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ডসভায় ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে এ সিদ্ধান্ত অনুমোদন হয়।

শাহবাগের শিশুপার্কটি ২ বছর ৯ মাস ধরে বন্ধ আছে। প্রকল্প অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে এখন পর্যন্ত নতুন করে শিশুপার্কের উন্নয়নকাজই পুরোদমে শুরু করতে পারেননি সংশ্লিষ্টরা। ২০১৯ সালের জানুয়ারি মাসে পার্কের সামনে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে এটি বন্ধ ঘোষণা করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্র্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (তৃতীয়পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় শিশুপার্কের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্র্তৃক বাস্তবায়নাধীন থাকায় অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় শিশুপার্ক সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

পূর্বঘোষণা অনুযায়ী, স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (তৃতীয়পর্যায়) প্রকল্পটি ২০১৮ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে ২০১৯ সালের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। একই সময়ের মধ্যে শিশুপার্কেরও সংস্কারকাজ শেষে এটি খুলে দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যে বরাদ্দ নিয়ে জটিলতার কারণে এখন পর্যন্ত পার্কের কাজ শুরুই হয়নি। অন্যদিকে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (তৃতীয়পর্যায়) প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ২০২২ সালের জুন মাস পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যেও পার্কটি চালু করা যাবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত