চাঁদা না দেওয়ায় কবরস্থানে দাফন হয়নি বৃদ্ধার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৩০ পিএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামে সরকারি কবরস্থানে চাঁদা দিতে না পারায় এক বৃদ্ধার লাশ দাফন করতে দেওয়া হয়নি।

বুধবার বিকেলে খেজুরতলা গ্রামের মৃত বরকত আলীর স্ত্রী মদিনা খাতুন (৬০) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। রাত ৯টার দিকে গ্রামের কবরস্থানে কবর খুঁড়তে গেলে কবরস্থান কমিটির এক সদস্য লাশ দাফনে বাধা দেয়।

মৃত মদিনা খাতুনের জামাতা রিপন আলী অভিযোগ করে বলেন, আমার শাশুড়ির কোন ছেলে সন্তান না থাকায় আমি তার বাড়িতে ঘরজামাই থাকি। বুধবার বিকেলে তিনি মারা গেলে কবরস্থান কমিটির সভাপতির অনুমতি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে নিয়ে সরকারি কবরস্থানে কবর খুঁড়তে যাই। কিন্তু রাত ৯টায় কমিটির সদস্য জামিরুল ইসলাম খুঁড়তে নিষেধ করেন। একপর্যায়ে আমরা কবরে মাটি ভরাট করে ফিরে আসি।

তিনি আরও বলেন, কবরস্থানের জমি ক্রয়ের সময় চাঁদা দিতে না পারায় দাফন কাজে বাধা প্রদান দেওয়া হয়েছে।

ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা বিরাজ করতে থাকে। অনেকেই প্রতিবাদ জানান। পরে রাত সাড়ে ১১টার দিকে গ্রামের খালের পাশে রাজ্জাক নামের এক ব্যক্তির জমিতে কবর খুঁড়ে দাফন সম্পন্ন হয় ওই বৃদ্ধার।

তবে কবরস্থান কমিটির সদস্য জামিরুল ইসলাম বলেন, কয়েক দিন আগে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে গ্রামে পক্ষ-বিপক্ষের সৃষ্টি হয়। আমি কাউকে কবর করতে নিষেধ করিনি। এটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।

এদিকে কমিটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, গ্রামের লোকজনদের কাছে থেকে টাকা তুলে কবরস্থানের জমি ক্রয় করা হয়েছে। গ্রামের প্রতিটা লোকের মৃতদেহ সেখানে দাফনের অনুমতি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত