পটুয়াখালীর দুমকিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য শওকত হোসেন (৪৫) নিহত ও অপর আরোহী রফিকুল ইসলাম (৫০) আহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় পায়রা সেতুর টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পায়রা সেতুর টোলপ্লাজায় দ্রুত বেগের একটি নম্বর প্লেটবিহীন ডাম্পট্রাক দু’জন আরোহীসহ দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটি (পটুয়াখালী ল-১১-১৪৪২) চাপা দিলে পুলিশ সদস্য শওকত হোসেন ও অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হয়।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শওকত হোসেনের মৃত্যু ঘটে।
অপর আহত রফিকুল ইসলামকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা-পুলিশ ঘাতক গাড়িটি জব্দ করেছে।
নিহত শওকত হোসেন পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে এবং আহত রফিকুল ইসলামের বাড়ি বরিশাল কোতোয়ালি থানার কর্ণকাঠিতে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বলে জানা গেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাম্পট্রাকটি আটক করা হয়েছে। শওকত হোসেনের লাশ বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর অপেক্ষায় আছে।
