হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ বরখাস্ত

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৭:২৭ পিএম

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পালিয়ে যাওয়া ব্যক্তি চুরি মামলার আসামি মাসুদ খান নগরের হাটখোলা এলাকার বাসিন্দা।

শনিবার সকালের যেকোনো সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে   হাসপাতাল থেকে পালিয়ে যায় আসামি।

হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার বাইরে কোনো আসামির নিরাপত্তা প্রদান করে না। এটা আইন প্রয়োগকারী সংস্থা নিশ্চিত করে।

বরখাস্ত দুই পুলিশ সদস্য হলেন হলেন- নগর পুলিশ লাইনসের কনস্টেবল মশিউর রহমান ও সজল ঘরামী। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম বলেন, নগরীতে একটি চুরির ঘটনায় গণপিটুনির শিকার আহত মাসুদ খানকে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহারায় ছিল দুই পুলিশ সদস্য। শনিবার ভোরে ওই ব্যক্তি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়ে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত