রাজবাড়ীতে ১২ বছর পর ছাত্রদলের সমাবেশ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৭:০২ পিএম

৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে দীর্ঘ ১২ বছর পর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। 

রবিবার (২ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী আজাদী ময়দানের পাশে বিএনপির জেলা কার্যালয় সামনে এ ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম। 

সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। সমাবেশের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

সমাবেশে জেলার সব উপজেলা থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দেয়। 

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন জানান, ২০১০ এর পর রাজবাড়ীতে আজকেই কোনো সফল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেছেন। 

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, গত এক যুগ ধরে জেলা ছাত্রদলের ব্যর্থ কমিটি ছিল। তারা সাধারণ ছাত্রদের নিয়ে কোনো কাজ করেনি। আবার আন্দোলন-সংগ্রামেও ছিল না। রাজবাড়ীতে ছাত্রদল এখন নতুন উদ্যমে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপখে থাকবে। আগামী দিনে দেশের গণতন্ত্রকে উজ্জীবিত রাখতে ছাত্রদল কর্মীরা কাজ করে যাবে। আজকের এই সমাবেশ সুষ্ঠু করার জন্য নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত