কুমিল্লার মেঘনা উপজেলায় কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এতে এক শিশু নিখোঁজ এবং অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের আবদুল মতিনের স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং ঢাকার ডেমরা থানার সুকরশি এলাকার শেখ ফরিদের মেয়ে আয়েশা (১১) ও মরিয়ম (৬)। নিখোঁজ অপর শিশুর নাম তামান্না (৮)। তারা সবাই পরস্পর স্বজন।
মেঘনা থানার ওসি ছমিউদ্দিন জানান, দাউদকান্দি উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তিতাসের দুধঘাটা দরিয়াকান্দির উদ্দেশে ১১ জন যাত্রী নিয়ে ট্রলারটি ছেড়ে যায়। কাঁঠালিয়া নদীর মেঘনা চরকাঁঠালিয়া অংশে পৌঁছালে একটি মাছের ঘেরে এটি আটকা পড়ে। সে সময় ইঞ্জিনটি বিকল হওয়ায় ট্রলারটি ডুবে যায়। পরে মৃত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। একজনকে এখনো পাওয়া যায়নি। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠে যায়। তাদের মধ্যে কয়েকজনকে মেঘনার এলহাম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে পৌঁছানোর পর ট্রলারটি ডুবে যায়। এতে ১০ জনের মতো আহত হয়েছে।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু আবদুল্লাহ জানান, নদীর ওই অংশে প্রচুর কচুরিপানা ছিল। মাছের ঘেরও ছিল। সেখানে পৌঁছালে ট্রলারের নিচে থাকা পাখা খুলে পড়ে যায়। এতে দুর্ঘটনা ঘটে।
