করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রনের দাপটে নাকাল যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে চার লাখের বেশি রোগী।
ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৯ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৭০৮ জন।
করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৭০ লাখ ৭৫ হাজারের বেশি। এদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৪৮ হাজার ৮২৬ জন।
গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে প্রায় ১ লাখ ৫৮ হাজার। একই সময়ে মারা গেছেন ৪২ জন।
এছাড়া স্পেনে ৯৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। আর ফ্রান্স ও ইতালিতে দৈনিক সংক্রমণ ৭০ হাজারের কাছাকাছি রয়েছে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৩ লাখ ৩৩ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ২৯৭ জন।
এখন পর্যন্ত বিশ্বে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৬৩ হাজার ৫২৮ জনে। এদের মধ্যে মারা গেছেন ৫৪ লাখ ৬৫ হাজার ৬২৫ জন।
