ভোটের একদিন আগে মেম্বার প্রার্থীর মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:১৮ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী মো. নজরুল ইসলাম শাকিদার (৬৫) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার ভোর ৫টায় শরীয়তপুর থেকে ঢাকা নেয়ার পথে ফেরিতে মারা যান তিনি।

মো. নজরুল ইসলাম শাকিদার আগামীকাল (বুধবার) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা মার্কার মেম্বার প্রার্থী ছিলেন।

তিনি ওই ইউনিয়নের চান্দনি গ্রামের মৃত জালাল উদ্দিন শাকিদারের ছেলে। তিনি সাবেক মেম্বার ছিলেন।

নজরুল ইসলামের ছেলে তুষার সাকিদার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবা সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে স্ট্রোক করেন। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। আজ ভোরে ঢাকা নেয়ার পথে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌরুটে ফেরিতে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তার লাশ ওই ইউনিয়নের কলাবাগান জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে মসজিদের গণকবরস্থানে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত