ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পারাপার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৯:৪৭ এএম

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলারে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন যাত্রীরা। রাত থেকেই ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকার অজুহাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে যাত্রী পার করছেন চালকেরা।

বুধবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের পন্টুন থেকে যাত্রীবোঝাই করে পর পর বেশ কয়েকটি ট্রলার পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে।

এ সময় আরও দেখা যায়, পাটুরিয়া থেকে যাত্রী ভর্তি ট্রলার দৌলতদিয়া ঘাটে এসে ভিড়েছে। এ সময় ঘাট এলাকায় চোখে পড়ে‌নি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে এবং কোনো বাধাবিপত্তি ছাড়াই যাত্রীদের ডেকে ওঠানো হচ্ছে ট্রলারে।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যে কারণে দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় দৌলতদিয়া প্রান্তে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপার হতে না পেরে, ঝুঁকি নিয়ে ট্রলারে করে নদী পার হচ্ছেন ঢাকাগামী যাত্রীরা।

এ সময় জনপ্রতি ১০০ টাকা ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. জাকির বলেন, যাত্রীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সার্বক্ষণিক ঘাট এলাকাসহ নদীতে টহল দিচ্ছি। ট্রলার চলাচল করছে এমন কথা শোনার সাথে সাথে সেখানে টিম পাঠানো হয়েছে। আশা করি ট্রলার চলাচল বন্ধ হয়ে যাবে। তবে মাঝে-মধ্যে আমাদের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে যাত্রী পারাপার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত