দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০:৪৯ এএম

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার পর বুধবার সকাল ১০টা থেকে স্বাভাবিক হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

ফলে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত একটার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত