স্বৈরশাসকের শৃঙ্খল ভাঙতেই হবে: টুকু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৩:৩৫ পিএম

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদ চালু করেছে। স্বৈর শাসন চালু করেছে। রাজতন্ত্র চালু করেছে। এখন দেশের জনগণের মুক্তির জন্য আমাদেরকে ওই স্বৈরশাসকের শৃঙ্খল ভেঙে ফেলতে হবে। রাজপথে নামতে হবে।’

বুধবার টাঙ্গাইলে বিএনপি আখ্যায়িত ‘৫ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে’ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘আওয়ামী লীগের কাছে গণতন্ত্র কখনোই নিরাপদ ছিল না। স্বাধীনতার পর থেকে তারা গণতন্ত্রকে হত্যা করে আসছে। আর বিএনপি সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে সবসময়। এবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে।’

তিনি বলেন, ফ্যাসিবাদকে মোকাবিলা করে একবার সাহস করে শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। ওরা পালিয়ে যাবে। ওদের পায়ের তলায় মাটি নেই। পৃথিবীর কোথাও ওদের স্থান নাই। এদেশেও ওদেরকে রাখা হবে না। দুর্বার আন্দোলনে ওদের পতন হবেই হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন মাহমুদুল হক শানু জেলা সদস্যসচিব, হাসিনুজ্জামিল শাহীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম ছাড়া জেলা যুবদলের আশরাফ পাহেলি, খন্দকার রাশেদুল আলম, স্বেচ্ছাসেবক তরিকুল ইসলাম ঝলক, শফিকুর রহমান খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত