‘চাঁপাইয়ে তোর কোন বাপ আছে, ডাক’: যাত্রীকে মারধর রেলকর্মীর

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৮:৫০ পিএম

রাজশাহী রেলওয়ে স্টেশনের কর্মচারীর হাতে মারধরের শিকার হয়েছেন এক যাত্রী বলে অভিযোগ উঠেছে। মারধরের শিকার ওই যাত্রীর নাম রুবেল (২৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা গ্রামের মন্টুর ছেলে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুবেল জানান, মঙ্গলবার ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে বেলা সোয়া ১২টায় পৌঁছান। স্টেশন থেকে বের হওয়ার সময় একজন নারী রেলকর্মী তাকে টিকিট দেখাতে বলেন। এ সময় রুবেল জানান, তার কাছে টিকিট আছে। তবে দুই হাতে চারটি ব্যাগের কারণে দেখাতে সমস্যা হচ্ছে। টিকিট দেখানোর জন্য তিনি একটু সময় চান। এ সময় ওই নারী কর্মী সেখান থেকে চলে যান। পরে সেখানে আসেন অন্য একজন পুরুষ কর্মী। তিনি এসে টিকিট দেখানোর কথা বলেন। রুবেল জানান, আইডি কার্ডে আমার বানান ‘আরইউবিইএল’ কিন্তু রেলওয়ের অনলাইন রেজিস্ট্রেশনের সময় ভুলবশত নামের বানানে ‘আরইউবিএএল’ আছে। এ নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। আমাকে ধাক্কা দেন ওই পুরুষ রেলকর্মী। এর পরে পাশেই এক ঘরে নিয়ে গিয়ে মারধর করেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রেলওয়েতে অভিযোগ করবেন বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ও মারধরকারী রেলকর্মীর নাম মেহেদি হাসান রাসেল আর নারী রেলকর্মীর নাম রেহেনাজ পারভীন পুতুল। তারা দুজনে স্বামী-স্ত্রী। দুজনেই স্টেশনের টিকিট কালেক্টর (টিসি) হিসেবে কর্মরত।

এদিকে, রুবেলকে ধাক্কাধাক্কি ও চড় থাপ্পড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে একাধিকবার রুবেলকে মারপিট করা হয়েছে। কথোপকথনে শোনা যাচ্ছে রেলকর্মী রাসেল চিৎকার করে বলছেন ‘এই আইডি কার্ড, এই আইডি কার? এরপর কথা-কাটাকাটি হলে। রুবেলকে তিনি থাপ্পড় মারেন। রুবেল বলে ওঠেন আমাকে মারলেন কেন আপনি? আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডাক দেন। আপনি আমাকে মারলেন কেন?  উপস্থিত অন্যদের রুবেল বলেন, উনি আমাকে মারলেন।

রুবেল বলেন, আমার আইডি কার্ড সবই ঠিক আছে। আপনারা গায়ে হাত তুললেন কেন বলেন? রেলকর্মী রাসেল বলেন, তুই অতো চিল্লালি কিসের জন্য। এই চিল্লালি কেন? এই বলেই আবারও দুটি ঘুষি মারেন রাসেল। তিনি বারবার বলতে থাকেন, তুই চিল্লালি কিসের জন্য? এ সময় ওই ঘরের অন্য রেলকর্মীরা তাকে মারধর করা থেকে আটকানোর চেষ্টা করেন।

রুবেল বলেন, আমাদের স্টাফ আছে এখানে। রেলকর্মী রাসেল চিৎকার দিয়ে বলে ওঠেন, তোর বাপ থাক। তোর চাকরি করি আমি? এই বলে অশ্লীল গালি দেন তিনি। বলেন, চাঁপাইয়া কোথাকার। চাঁপাইয়ে তোর কোন বাপ আছে, ডাক। তুই তোর স্বভাবের জন্য মার খাইছিস। এরপরও তিনি চিৎকার করতে থাকেন। এ সময় নারী রেলকর্মী পুতুলেরও কথা শোনা যায়। কয়েকবার তিনিও তার স্বামীকে থামো থামো বলে থামানোর চেষ্টা করেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, আমি ওই সময় স্টেশনে ছিলাম না। পরে বিষয়টা শুনেছি। একটি ভিডিও ক্লিপও পেয়েছি। সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টা জানানো হয়েছে। দেখা যাক কী সিদ্ধান্ত আসে।

তিনি বলেন, যাত্রীদের মারপিট করার কোনো নিয়ম নাই, সুযোগ নাই। এটি করে থাকলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রেলওয়ের কেউ কোনো যাত্রীকে মারতে পারে না। এটার সুযোগ নেই। ওই ঘটনার বিষয়ে এখনো ভুক্তভোগী কোনো অভিযোগ করেননি। তবে, আমি এটি শোনার পর এবং ভিডিওটি দেখার পর নিজ উদ্যোগেই একটি তদন্ত কমিটি করেছি।

পশ্চিম রেলওয়ের ডেপুটি সিসিএম গৌতম কুমার কুন্ডুকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভিডিওতে বোঝা যাচ্ছে সেখানে ধস্তাধস্তির একটা ঘটনা ঘটেছে।

বিস্তারিত জানার জন্য কমিটি করা হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত