পানির নিচের দীর্ঘতম টানেল খুলেছে চীন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১:০৭ পিএম

প্রায় চার বছর নির্মাণের পর চীনের দীর্ঘতম পানির নিচের হাইওয়ে টানেলটি এখন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত। টানেলটির দৈর্ঘ্য ১০ দশমিক ৭৯ কিলোমিটার বা ৬ দশমিক ৬৫ মাইল বলে জানিয়েছে সিএনএন। তাইহু নামের টানেলটি পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের তাইহু লেকের নিচে দিয়ে গেছে। সাংহাই থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত এটি।জিয়াংসুর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, টানেলটি নির্মাণে এক হাজার কোটি ইউয়ান (প্রায় ২০০ কোটি ডলার) ব্যয় হয়েছে। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ৯ জানুয়ারি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দ্বিমুখী টানেলটি নির্মাণে ২০ লাখ ঘনমিটারের বেশি কংক্রিট ব্যবহার করা হয়েছে। যার ছয়টি লেন রয়েছে। এটি ১৭ দশমিক ৪৫ মিটার চওড়া। চালকের ক্লান্তি এড়াতে টানেলের সিলিং রঙিন এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে।

টানেলটি ৪৩ দশমিক ৯ কিলোমিটার চাংঝো-উক্সি হাইওয়ের অংশ। এটি জিয়াংসুর রাজধানী সাংহাই ও নানজিংয়ের মধ্যে ভ্রমণকারীদের জন্য একটি বিকল্প এক্সপ্রেসওয়ে প্রদান করেছে। বিশ্বের দীর্ঘতম চলমান হাইওয়ে টানেলটি নরওয়েতে অবস্থিত। যার দৈর্ঘ্য ১৪ দশমিক ৩ কিলোমিটার।

এটি স্ট্যাভাঞ্জার শহর ও স্ট্র্যান্ডের পৌরসভার মধ্যে দিয়ে গেছে। তাছাড়া জাপানেও রয়েছে ৯ দশমিক ৬ কিলোমিটারের একটি টানেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত