ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি সার্ভিস বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
পরে সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন, দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা রাত থেকেই কুয়াশা ছিল। তবে ভোর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোর ৪টা থেকে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
তিনি বলেন, এ রুটে ৪টি কে-টাইপ (মিডিয়াম) ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটের দুই পাড়ে প্রায় সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের জটলা কমবে বলে আশা করছি।
