প্রাকৃতিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা তৈরি হলেই ৮০ ভাগ রোগ কমে যাবে।
রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে বুধবার রাতে আমেরিকান সেন্টার ফর রিজেনারেটিভ হেলথের উদ্যোগে আয়োজিত কোভিড-১৯ সুরক্ষায় স্বাস্থ্যবিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসাবিজ্ঞানী ড. এম মজিবুল হক। তিনি বলেন, সুস্বাস্থ্যের জন্য সুশৃঙ্খল জীবনযাপনের বিকল্প কোনো নেই।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদত হোসেন বলেন, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা তৈরি হলে আমাদের ৮০ ভাগ রোগ কমে যাবে। এই সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের স্বাস্থ্য সচেতনতা।
তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন।
শাহাদাত হোসেন বলেন, স্বাস্থ্য সচেতনতা বাড়লে করোনার মতো বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। এ জন্য সরকার লাইফস্টাইল ও হেলথ প্রমোশনের জন্য ২৮৭ কোটি টাকা বরাদ্দ করেছে।
তিনি আরও বলেন, গত বেশ কয়েক বছরে সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন করেছে। এখন জেলা শহরগুলোতেও আইসিইউ সুবিধা চলে যাচ্ছে। ক্যানসার ও কিডনির ডায়াগনোসিস এখন বিভাগীয় পর্যায়ে হচ্ছে।
