ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারমাণবিক চুক্তি ইস্যুতে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছানো যেতে পারে যদি পশ্চিমা পক্ষগুলো সদিচ্ছা এবং তা করতে তারা আগ্রহী হয়। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুলনাহিয়ান এ মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে চুক্তিতে পৌঁছানো সম্ভব। ২০১৫ সালের ইরানের ঐতিহাসিক চুক্তি পুনর্বহাল করতে ভিয়েনায় অষ্টম ধাপের আলোচনা চলছে। ওই আলোচনায় ইরান এখনো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা চাইছে।
জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের চুক্তিটিতে স্বাক্ষরকারী বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরানের আলোচনা চলছে। ২০১৮ সালে এককভাবে চুক্তি থেকে বের হয়ে যাওয়া যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে এ আলোচনায় অংশ নিচ্ছে। জেসিপিওএ চুক্তিতে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার বিনিময়ে নিষেধাজ্ঞায় শিথিলতা পায়। তবে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর কিছু কর্মসূচির গতি বাড়ায় ইরান। বর্তমানে ৬০ শতাংশের বেশি ইউরেনিয়ামসমৃদ্ধ উন্নত সেন্ট্রিফিউজ ব্যবহার করছে দেশটি। চুক্তি থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।
বর্তমানে ইরানের দাবি হলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার এবং তারা আর কখনোই চুক্তি থেকে বের হয়ে যাবে নাÑ এমন নিশ্চয়তা। এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হয়েছে কি না তা যাচাই করতেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চায় তেহরান।
আমির আবদুলনাহিয়ান আল-জাজিরাকে বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার মানে পারমাণবিক চুক্তি ঘিরে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চুক্তির সঙ্গে সংঘাতপূর্ণ যেসব নিষেধাজ্ঞা ট্রাম্প পুনর্বহাল করেছেন সেগুলোও।’
