সব ধরনের সমাবেশ বন্ধের সুপারিশ জাতীয় কমিটির

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০১:৪০ এএম

করোনাভাইরাসের ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করতে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ বন্ধের সুপারিশ করেছে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পাশাপাশি মাস্ক পরা নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি মানার বিষয় নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছে কমিটি। সংক্রমণ প্রতিরোধে নেওয়া সরকারের কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও পরামর্শ দেওয়া হয়েছে কমিটির ৫০তম সভায়। গতকাল শুক্রবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাশের দেশ ভারতসহ সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও সংক্রমণ আবার বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে জাতীয় কমিটি। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকারের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে জোর দিয়ে তা বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও পরামর্শ দিয়েছে কমিটি।

সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করারসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছে কমিটি। সামাজিক দূরত্ব নিশ্চিতের উদ্দেশ্যে সব সামাজিক (বিয়ের অনুষ্ঠান, মেলা), ধর্মীয় (ওয়াজ মাহফিল) ও রাজনৈতিক সমাবেশ এখনই বন্ধ করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া সভা বা কর্মশালার ব্যবস্থা অনলাইনে করা, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, শিক্ষার্থীসহ সবাইকে দ্রুত টিকার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতীয় কমিটি।

এদিকে দেশে ওমিক্রন সংক্রমিত প্রথম রোগী শনাক্তের এক মাস না গড়াতেই সংখ্যাটি ২০ জনে পৌঁছেছে। গত ৯ ডিসেম্বর করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটি সংক্রমিত প্রথম রোগী শনাক্তের খবর এসেছিল। তারা ছিলেন আফ্রিকা সফর করে আসা ক্রিকেটার। এরপর বুধবার নাগাদ এ সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছিল।

ভারতেও ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দুই হাজারে পৌঁছে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনের দাপটে বিশ্বে গত এক সপ্তাহে রোগী শনাক্তের হার আগের সপ্তাহের চেয়ে ৭১ শতাংশ বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত