নাটোরে মায়ের উত্তরসূরি তিন বোন ইউপি মেম্বার নির্বাচিত!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৩:১৮ পিএম

নাটোরে ইউপি নির্বাচনে সাবেক মহিলা মেম্বার (সংরক্ষিত) মোছা. আলেয়া বেগমের উত্তরসূরি তিন বোন তিন ওয়ার্ডে সংরক্ষিত মেম্বার নির্বাচিত হয়েছে। বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আলেয়ার দুই মেয়ে নলডাঙ্গার উপজেলায় বিপ্র বেলঘড়িয়া ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। আর ছোট মেয়ে সদর উপজেলার ছাতনীতে সংরক্ষিত নারী ওয়ার্ডের মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। এদের তিন বোনের একই মার্কা (মাইক) ছিল।

নব-নির্বাচিত এই তিন মহিলা মেম্বার জানান, নাগরিক সেবা নেয়ার জন্য কাউকে তাদের কাছে আসতে হবে না। তারাই ঘরে ঘরে গিয়ে সেবা পৌঁছে দেবেন।

সূত্রে জানা যায়, বারবার নির্বাচিত সাবেক মহিলা মেম্বার (সদস্য) মোছা. আলেয়া বেগমের বড় মেয়ে মোছা. হালিমা বেগম (৪৩) নলডাঙ্গা উপজেলার বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আর মেজ মেয়ে মোছা. নাসিমা বেগম (৪১) একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ও ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন। আর ছোট মেয়ে মোছা. শাহানাজ পারভীন (৩৯) নির্বাচিত হয়েছেন সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে।

বড় মেয়ে মোছা. হালিমা বেগম দেশ রূপান্তরকে বলেন, তাদের মরহুম বাবা আব্দুস সাত্তার মেম্বার নির্বাচনে দাঁড়িয়ে মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলেন। পিতার পরাজয় থেকে তাদের নির্বাচন করার আগ্রহ জন্মেছে।

মা আলেয়া বেগম বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। মানুষের মুখে মুখে তার ভালো ব্যবহার ও বিপদে মানুষের পাশে দাঁড়ানো গল্প ছড়িয়ে পড়ে। মায়ের মানবসেবা দেখেই তারা তিন বোন নির্বাচিত হয়ে মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন।

স্থানীয় শিক্ষক মো. মতিউর রহমান শুক্রবার এই প্রতিবেদককে বলেন, মায়ের পর তারই উত্তরসূরি তিন বোন এমন বিজয়ে তারা এলাকাবাসী আনন্দিত। এলাকার সকল শ্রেণি পেশার মানুষ তাদের সঙ্গে আছে। তারা যথাযথ দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত