যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় ৩ শ্বেতাঙ্গের যাবজ্জীবন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০১:২১ এএম

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক আহমদ আরবেরির আলোচিত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিন শ্বেতাঙ্গকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গত শুক্রবার ট্র্যাভিস ম্যাকমাইকেল (৩৫), তার বাবা গ্রেগরি ম্যাকমাইল (৬৬) এবং উইলিয়াম ব্রায়ানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি।

গ্লিন কাউন্টি আদালতের বিচারক টিমোথি ওয়োলমসলে রায়ে বলেন, মাত্র ২০ ফুট দূর থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে উইলিয়াম ব্রায়ান সাজার ৩০ বছর পর প্যারোলে মুক্তি পেতে পারেন বলে জানা গেছে।

গত বছরের ফেব্রুয়ারিতে হাঁটতে বের হন আহমদ আরবেরি। চোর ভেবে ধাওয়া করেন অভিযুক্তরা। একপর্যায়ে আহমদকে লক্ষ্য করে গুলি করেন। এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনার প্রতিবাদে সেই সময় ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা যায় জনমনে।

বিচারক রায়ে বলেন, এ ঘটনার মাধ্যমে অপরাধীরা নিজেরাই আইন হাতে তুলে নিয়েছেন। তবে আসামিদের আইনজীবীর দাবি, ইচ্ছাকৃতভাবে ওই কৃষ্ণাঙ্গ যুবককে হত্যা করেননি তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত