প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

মুরাদনগরে রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০১:১৪ এএম

কুমিল্লার মুরাদনগরে প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাতিলের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান এক পত্রে ওই প্রত্যাহার আদেশ দেন।

জানা যায়, ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুরাদনগর উপজেলায় ৩১ জানুয়ারি ভোট। গত ৬ জানুয়ারি ছিল প্রার্থিতা যাচাই-বাছাইয়ের দিন। প্রার্থিতা বাছাইয়ের জন্য উপজেলার ২১টি ইউনিয়নের বিপরীতে সাতটি বুথ তৈরি করা হয়। সেই সুবাদে হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদী রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলার যাত্রাপুর, বাঙ্গরা পূর্ব ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের। সে সময় তিনি প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাতিলের ভয় দেখিয়ে প্রার্থীপ্রতি ৫০০ থেকে ১০০০ টাকা আদায় করেন।

পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম মুরাদনগরে এসে ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর গতকাল বুধবার অভিযুক্ত রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত