ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ‘নতুন উচ্চতা’য় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
তিনি বলেন, শিগগির ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। দুই দেশের সম্পর্ক আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি শুরু করেছে ওই প্রতিনিধিদল।
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময় মিলার এসব কথা বলেন।
তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার দপ্তরে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বৈঠক করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস হেলেন লাফেইভ ও রাজনৈতিক শাখাপ্রধান মি. আর্তুরো হাইনস।
আলোচনায় যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে প্রায় তিন বছর দুই মাস অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নের যেসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিলেন সেগুলো নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা গওহর রিজভীও ব্যবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।
