পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী যুবদলের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সন্ধ্যায় পৃথক আয়োজনে এ সংবাদ সম্মেলন করে দুই গ্রুপ।
শুক্রবার রাতে শহরের হাসপাতাল রোডের জিগাতলায় নিজ বাসভবনে প্রথমে সংবাদ সম্মেলন করেন সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বৃহস্পতিবার পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ও যুবদল নেতা সোনা মনি’র নেতৃত্বে ২০/২৫ জনের একটি বাহিনী ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনিকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার প্রতিবাদে আমার নেতৃত্বে মিছিল বের করা হলে সে মিছিলেও প্রতিপক্ষ হামলা চালিয়ে আমাকে মারধর করে।
পরে গতকাল সন্ধ্যায় পাল্টা সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন আতিয়ার ও পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রেজাউল হক মুকুল বলেন, রফিকুল ইসলাম নয়ন ব্যক্তিগতভাবে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তা উদ্দ্যেশ্যমূলক। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় আমরা তীব্রভাবে প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।
পাল্টা এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক আহসান হাবিব, যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম, পৌর বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক এসএম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্টু সরকার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ।
