চট্টগ্রামের সীতাকুন্ডে তেলবাহী ট্যাংকলরির ভেতর থেকে নুরুল ইসলাম শাহীন (২২) নামে ওই গাড়ির চালকের সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে পৌরসভার বটতল এলাকায় অবস্থিত সীতাকুন্ড ফিলিং স্টেশন নামক পেট্রল পাম্পে রাখা একটি লরি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহীন ফেনী জেলার সোনাগাজী উপজেলার বদিউজ্জামানের ছেলে।
সীতাকুন্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক জানান, রাত ১০টার দিকে সীতাকুন্ড ফিলিং স্টেশনের ম্যানেজার থানায় ফোনে লাশের খবর দেন। থানা-পুলিশ হাইওয়ে পুলিশকে নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করে।
বার আউলিয়া হাইওয়ে থানার ইন্সপেক্টর আব্দুল্লাহ বলেন, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনে পেট্রল পাম্পের ম্যানেজারকে লরির চালকের পেছনের আসনে লাশ আছে বলে জানানো হয়। ম্যানেজার বিষয়টি থানাকে জানায়।
ইন্সপেক্টর আব্দুল্লাহ জানান, লরির চালককে পাওয়া যাচ্ছে না, তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। লাশের গায়ে ও মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বাবা বাদী হয়ে সীতাকুন্ড থানায় হত্যা মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।
