ধরে নিয়ে যাওয়া দুই ছাত্রকে ৪ঘন্টা পর ফেরত দিল বিএসএফ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮:১২ পিএম

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া দুই মাদ্রাসা ছাত্রকে ৪ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ওই দুই মাদ্রাসা ছাত্র হলেন- আলিহাট গ্রামের আরমান আলীর ছেলে আরাফাত হোসেন (১৫) ও আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (১৩)।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১০নং সাবপিলার এলাকা দিয়ে ওই দুই মাদ্রাসা ছাত্রকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দেয় বিএসএফ। দুপুর দেড়টার দিকে তাদের দুজনকে ওই স্থান থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। তারা দুজনই আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র।

দুই ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুলতান সিং। এ ছাড়া সেখানে হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন ও আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, আজ আমাদের ছাত্র-ছাত্রীদের করোনার টিকা দেয়ার দিন ছিল। আমরা ছাত্র-ছাত্রীদের টিকা দিতে হিলি স্থলবন্দরের টিকাকেন্দ্রে আসি। টিকা প্রদান শেষে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল নামের দুই ছাত্র হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে বেড়াতে যায়। বেড়ানোর একপর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে এবং বিএসএফ ডাকলে তারা সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন বলেন, দুই ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা বিএসএফের কাছে তাদেরকে ফেরত চাই। এ বিষয়ে বিকেলে সীমান্তে দুই বাহিনীর মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে ওই দুই মাদ্রাসা ছাত্রকে আমাদের নিকট ফেরত দেয় বিএসএফ। পরে আমরা তাদের দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ওই দুই মাদ্রাসা ছাত্রকে বিজিবি আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। তারা অপ্রাপ্তবয়স্ক এবং টিকা দিতে এসে সীমান্ত দেখতে গিয়ে ভুলক্রমে ভারতে চলে যায়। তাদের অবৈধ অনুপ্রবেশ বা অনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না বিধায়, ওই ছাত্র দুজনকে তাদের পরিবার ও জনপ্রতিনিধির কাছে বুঝিয়ে দেয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত