অভিমানে ২৬ বছর

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০:৫২ পিএম

স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ২৬ বছর পর চাঁন মিয়াকে ঘরে ফিরিয়ে আনা হয়েছে। ১৯৯৬ সালে বাড়ি থেকে বের হওয়া শেরপুরের ঝিনাইগাতীর মুকমুল ইসলাম চাঁন মিয়াকে ঘরে ফেরাতে সহায়তা করেছে ফেনীর সামাজিক সংগঠন ‘সহায়’। গত শনিবার বিকেলে চাঁন মিয়ার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়।

এর আগে গত ১০ ডিসেম্বর ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে চাঁন মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশের সহযোগিতায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে ‘সহায়’-এর সদস্যরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ছবিসহ বিস্তারিত তুলে ধরলে তা নজরে আসে অভিমানী চাঁন মিয়ার স্বজনদের।

চাঁন মিয়ার বাবার নাম মহিদুল ইসলাম এবং মা অম্বিয়া খাতুন। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের খাজুরিয়াপাড়ার ম-লবাড়ির বাসিন্দা তিনি। তিন ভাইয়ের মধ্যে সবার বড়। তার মেয়ে শানজু আক্তার জানান, তারা দুই বোন ও এক ভাই। ফেনীর সামাজিক সংগঠন সহায়ের ফেইসবুক পেজে গত ১৩ জানুয়ারি বাবার ছবি দেখে তাকে চিনতে পারেন। পরে মুঠোফোনে বাবার সঙ্গে পরিবারের অন্য সদস্যদের আলাপ করে নিশ্চিত হন তিনি বেঁচে আছেন। চাঁন মিয়ার ছোট ভাই ব্যবসায়ী শাজাহান জানান, ১৯৯৬ সালে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান তার বড় ভাই। ২৬ বছর ধরে ভাইকে দেশের বিভিন্ন স্থানে খুঁজেও পাননি।

জানা যায়, স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে চাঁন মিয়া বাসস্টেশন, রেলস্টেশনসহ বিভিন্ন স্কুলের বারান্দায় রাত কাটাচ্ছিলেন। কখনো খেয়ে, কখনো আধাবেলা, কখনো না খেয়ে জীবনের ২৬টি বছর পার করে দেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত রোগেশোকে আক্রান্ত হয়ে বার্ধক্যে এসে অভিমানের কাছে হার মানেন।

ফেনীর সামাজিক সংগঠন সহায়ের প্রধান সমন্বয়ক মঞ্জিলা মিমি বলেন, এতটাই অভিমান ছিল চাঁন মিয়ার, তিনি হাসপাতালে ভর্তির পর থেকে পরিবারের সদস্য ও তার বাড়ির ঠিকানা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। কিন্তু আমাদের সদস্যরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তার পরিবারকে খুঁজে পেয়ে ঘরে ফিরিয়ে দিতে সক্ষম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত