সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক, প্রবীণ আইনজীবী টিএইচ খানের মৃত্যুতে সোমবার বিচারিক কার্যক্রম বন্ধ রেখেছে সুপ্রিম কোর্ট।
টিএইচ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্ট ও আপিল বিভাগের কার্যক্রম একদিনের জন্য মুলতবি করেছেন বলে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান সাংবাদিকদের জানান।
রবিবার বিকেল ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ অবসরপ্রাপ্ত বিচারক। তার বয়স হয়েছিল ১০২ বছর।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সোমবার সকালে টিএইচ খানের জানাজা হয়। প্রধান বিচারপতি, আপিল বিভাগ, হাই কোর্ট বিভাগের বিচারপতিরা ছাড়াও জ্যেষ্ঠ আইনজীবীরা তাতে অংশ নেন।
টিএইচ খানের পুরো নাম মো. তোফাজ্জল হোসেন খান। তিনি ১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহের হালুয়াঘাটের ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে তিনি আইন পেশায় যোগ দেন। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগদান করেন।
১৯৭৩ সালের জুলাইয়ে আবারও আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে কাজ শুরু করেন টিএইচ খান। ১৯৭৪ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচিত হন। আইন, শিক্ষা, ধর্ম, ভূমি ও রাজস্ব এবং ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
সাবেক বিচারপতি টিএইচ খান ১৯৯২ সালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিষ্ঠা করেন। ২০১১ সাল পর্যন্ত সংগঠনটির সভাপতি ছিলেন। তিনি জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশনের সদস্য ও জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত রুয়ান্ডা ট্রাইব্যুনালের বিচারপতি নির্বাচিত হন।
