কক্সবাজারের মহেশখালীতে ভাঙ্গারির দোকান থেকে দুই হাজার নতুন বই উদ্ধার করেছে পুলিশ। বইগুলো চলতি ২০২২ সালে মাদ্রাসার মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বিতরণের। গতকাল (সোমবার) দুপুরে মহেশখালী থানার ওসি আবদুল হাই বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া ছিদ্দিকের দোকান থেকে বইগুলো জব্দ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড় মহেশখালীর কুলালপাড়ার রুবেল নামের একজন খুচরা ভাঙ্গারি বিক্রেতা বইগুলো বিক্রি করার জন্য ওই দোকানের মালিকের কাছে নিয়ে আসেন। নতুন বই দেখে দোকান মালিক ভাঙ্গারি ব্যবসায়ীর সন্দেহ হলে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান। পরে পুলিশকে জানানো হয় বিষয়টি।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বড় মহেশখালীর বড় কুলালপাড়ার মনজুর আহমদের ছেলে রুবেল বইগুলো লিডারশিপ কলেজের সরকারি গুদাম থেকে একটি সিন্ডিকেটের মাধ্যমে সংগ্রহ করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম পুলিশের সঙ্গে গিয়ে বই জব্দ করার কথা স্বীকার করেছেন।
মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, বইগুলো জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, সরকারি বই বিক্রির ঘটনায় তদন্ত হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
