৩১ জানুয়ারি নয়, প্রায় এক মাস পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বুক পাবলিশার্স গিল্ড।
তবে নতুন সূচি অনুযায়ী বইমেলা কত দিন চলবে, তা এখনো ঠিক হয়নি বলেই মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে বইমেলার ভবিষ্যৎ নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন তৈরি হয়েছিল। কারণ একই কারণে স্থগিত রাখতে হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। সাম্প্রতিক গঙ্গাসাগর মেলা নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছিল।
বুক পাবলিশার্স গিল্ডের অন্যতম সদস্য ত্রিদিব চট্টোপাধ্যায় এ বছরের থিম প্রসঙ্গে জানান, প্রতিবছরের ন্যায় এবারও থাকছে নতুনত্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার সঙ্গেও সত্যজিৎ রায়ের শতবর্ষ, ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশতবর্ষ, নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের এক বিরাট প্রতিনিধি দল যাওয়ার কথা রয়েছে কলকাতায়। তাদের উপস্থিতি এ বছর একান্ত কাম্য বলেই জানিয়েছেন তিনি।
আরও বলেন, ‘সবকিছুই নির্ভর করছে অতিমারির ওপরেই। সবদিক চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৮ তারিখ থেকেই শুরু হচ্ছে বইমেলা, আশা করা যাচ্ছে সেই সময় করোনা অতিমারির প্রভাব কমবে কিছুটা হলেও।’
