টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে একটি ভবন ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সাটিয়াচড়ায় এ উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। অভিযানে বাধা দেওয়ার অভিযোগে ভবন মালিককে আটক করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাটিয়াচড়া এলাকায় সরকারি জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন ভবন উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল লতিফ খান।
অভিযানকালে মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা একটি তিনতলা ভবন ভেকু মেশিন দিয়ে উচ্ছেদ করার সময় ভবনটি ধসে পড়ে। এ সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আবদুল লতিফ খান আহত হন। তিনি টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অভিযানকালে পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়ে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।
এদিকে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগে ভবন মালিক গোড়ান গ্রামের শাহ মো. শাজাহানকে আটক করে মির্জাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
