ভালো রাস্তা পুনরায় কার্পেটিং করে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৯:৪৫ পিএম

সাভারের আশুলিয়ায় পাঁচ কিলোমিটার সড়কে পাকা এবং ভালো রাস্তার ওপর পুনরায় কার্পেটিং কাজ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এটা স্পট সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাভারের কলমা বাসস্ট্যান্ড থেকে আউকপাড়া হয়ে আশুলিয়ার বঙ্গবন্ধু রোড দিয়ে পলমল নামক তৈরি পোশাক কারখানা পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তায় পুনরায় কার্পেটিং করা হচ্ছে। বঙ্গবন্ধু রোডের কিছু কিছু স্থানে কার্পেটিং উঠে গেলেও আড়াগাঁও খালেক মেম্বারের বাড়ির সামনে থেকে আউকপড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে কোনো ভাঙা নেই। একদম ভালো সড়কটিতে পুনরায় কার্পেটিং করার মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে। অথচ এই টাকা দিয়ে অন্য একটি নষ্ট রাস্তা ঠিক করা হলে জনদুর্ভোগ কমত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, সড়কটির যে সব অংশে ভাঙা এবং কার্পেটিং উঠে গিয়েছিল শুধুমাত্র সেসব স্থানে রিপিয়ারিং করলেই যথেষ্ট ছিল। কিন্তু রাস্তাটি পুনরায় কার্পেটিং করার মতো ক্ষতিগ্রস্ত হয়নি।

এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এলাকায় আরও অনেক রাস্তা ভাঙাচোরা এবং গর্তের কারণে চলাচল করতে কষ্ট হয়। দীর্ঘদিন ধরে আমরা দুর্ভোগ নিয়ে চলাচল করলেও ওই সব রাস্তায় কাজ না করে, ভালো রাস্তায় পুনরায় কার্পেটিং করা হচ্ছে।

সরেজমিনে পুরো সড়কটি ঘুরে দেখা যায়, আড়াগাঁও খালেক মেম্বারের বাড়ির সামনে থেকে আউকপড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে তিন ইঞ্চি পুরুত্বে কার্পেটিং করা হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু রোডের প্রায় দুই কিলোমিটার সড়কে এক ইঞ্চি পুরুত্বে কার্পেটিং করা হয়েছে।

সড়ক নির্মাণকাজের দায়িত্বে থাকা লোকজন বলেন, সিআরডিবি প্রজেক্টের আওতায় রাস্তাটির কাজ করা হচ্ছে। চার বছর আগেই এটা ডিজাইন করে প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে অন্য কোনো প্রজেক্ট থেকে যদি রাস্তার কিছু অংশ কার্পেটিং করা থাকে তাতে আমাদের কিছু করার নাই। ডিজাইন অনুযায়ী পুরো রাস্তাটিই আমাদের কার্পেটিং করতে হচ্ছে।

এক কিলোমিটার ভালো রাস্তায় পুনরায় কার্পেটিং করার বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক বলেন, বিশ্ব ব্যাংকের প্রজেক্টের নিয়ম অনুযায়ী পুরো অংশই কার্পেটিং করতে হবে। মানছি কিছু ভালো রাস্তায়ও পুনরায় কার্পেটিং এর কাজ করা হচ্ছে, কিন্তু আমার কিছু করার নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত