চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১০:৪৯ পিএম

রাজধানীর গুলিস্তানে বাসচালকের সহকারীর বিরুদ্ধে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে এক যাত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার এই অভিযোগ করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুলিস্তানের জয়কালী মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইরফান আহমেদ (৪৮)। তিনি পুরান ঢাকার নবাবপুরের একটি ইলেকট্রিকের দোকানে কাজ করতেন। পরিবার নিয়ে ডেমরার শারুলিয়ার বড়ভাঙ্গা এলাকায় থাকতেন। তার বাবার নাম আলমগীর হোসেন।

পরিবার জানায়, ইরফান আজ সকালে ডেমরার শারুলিয়া এলাকা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে যাত্রীবাহী একটি বাসে ওঠেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, বাসটি গুলিস্তানের জয়কালী মন্দিরের কাছে পৌঁছালে ইরফানকে বাস থেকে সড়কে পড়ে যেতে দেখা যায়। পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাছের সালাউদ্দিন হাসপাতালে নেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে সেখানে দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ইরফানের স্ত্রী ইসমত আরা ও ভাই রায়হান আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

নিহতের ভাই রায়হান অভিযোগ করেন, তার ভাইয়ের সঙ্গে বাসচালকের সহকারীর কথা-কাটাকাটি হয় বলে তারা জানতে পেরেছেন। এর জের ধরে চালকের সহকারী তার ভাইকে বাসের দরজা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেন।

পুলিশ বলছে, ইরফানের মাথার আঘাতের চিহ্ন আছে। তবে শরীরের অন্য কোথাও জখম বা আঘাতের চিহ্ন নেই। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তারা শুনেছেন, বাসচালকের সহকারীর সঙ্গে ইরফানের কথা-কাটাকাটি হয়েছিল। তার মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন আছে। তদন্ত করার পর পরিবারের অভিযোগের বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আনার পর ইরফান মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত