পাকিস্তানের লাহোরে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। আরও আহত হয়েছেন অন্তত ৩৩ জন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আনারকলি বাজারে এ বিস্ফোরণ ঘটে।
দা ডনের খবরে বৃহস্পতিবার বলা হয়েছে, লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ জানিয়েছেন, একটি মোটরসাইকেলে বিস্ফোরকদ্রব্য রাখা ছিল। এটি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তবে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাননি।
দা ডনের খবরে আরও বলা হয়, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, আনারকলি বাজারের কয়েকটি দোকান ধ্বংস হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজারে বহু আহতদের যন্ত্রণায় কাতরাতে দেখেছেন তারা।
প্রাথমিক আলামত দেখে এটিকে মোটরসাইকেল বোমা বিস্ফোরণ বলে জানিয়েছেন লাহোর পুলিশের ডিআইজি অপারেশনস আবিদ খানও। তিনি বলেন, আমাদের কারিগরি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। তদন্ত ও আলামত বিশ্লেষণ করে আমরা বিস্ফোরণ সম্পর্কে চূড়ান্ত তথ্য জানাব।
এদিকে লাহোরের উপকমিশনার উমর শের চাট্টা সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিস্ফোরণটি আনারকলি বাজারের শেষ লেনে সার্কুলার রোডের পাশে ঘটেছে। একটি মোটরসাইকেলে বিস্ফোরক দ্রব্য রেখে বিস্ফোরণটি ঘটানো হয়। মোটরসাইকেলটি একটি ব্যাংকের সামনে রাখা ছিল। এ বিস্ফোরণে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।
এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে এ ঘটনার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সন্দেহ করা হচ্ছে।
এই মার্মান্তিক বোমা হামলায় নিহতদের জন্য প্রার্থনা করেছেন পাকিস্তানের তারকারা। তারা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
এটি টিভি শো’র হোস্ট ফখর-ই-আলম এ ঘটনায় টুইট করেন, লাহোরে নিহতদের জন্য প্রার্থনা। অভিনেতা আদনান সিদ্দিকী নিন্দা জানিয়ে লিখেছেন, নিহতদের পরিবারের জন্য শোক ও সমবেদনা। আল্লাহ যেন তাদের ধৈর্য ধরার শক্তি দেন।
অভিনেতা হুমায়ুন সাইদ আহতদের সুস্থতা কামনা করেছেন। সমবেদনা জানিয়েছেন ক্রিকেটার শোয়েব মালিক।
প্রাক্তন উইকেট-রক্ষক কামরান আকমল লিখেছেন, বর্বরোচিত বিস্ফোরণে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক। আল্লাহ আহত ব্যক্তিদের সুস্থতা দান করুন।
