মুখ ফস্কে ‘বেটি পটাও’ বলে বিড়ম্বনায় মোদি

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৮:২০ পিএম

উচ্চারণ বিভ্রাটে বিড়ম্বনায় পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতা দিতে গিয়ে ‘বেটি পড়াও’ বলতে গিয়ে তার উচ্চারণ শুনে মনে হয়েছে তিনি বলছেন ‘বেটি পটাও’। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, টুইটারে মোদিকে নিয়ে ছড়িয়ে পড়ে কটাক্ষ ও মিমের বন্যা।

কয়েকদিন আগেই এক আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে টেলিপ্রম্পটার বিভ্রান্তিতে নাজেহাল হয়েছিলেন মোদি। এ বার তারই স্বপ্নের প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ হয়ে গেল ‘বেটি পটাও’!

বৃহস্পতিবার ব্রহ্ম কুমারী আয়োজিত ‘আজাদি কি অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কি ওউর’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন মোদী। সেখানে ‘বেটি পড়াও’ বলতে গিয়ে মুখ ফস্কে যা বলেছেন তা শুনে অনেকের মনে হয়েছে ভুল করে মোদি ‘বেটি পটাও’ বলেছেন!

মিমগুলির মধ্যে বেশ কয়েকটিতে মোদির টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা দেয়াকেও কটাক্ষ করা হয়। এক জন লেখেন, ‘বেটি বাঁচাও, বেটি পটাও এখন বিজেপি-র স্লোগান। ওই দলটির থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না।’ আর এক জন ওই বক্তব্যের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীর একটি ছবি জুড়ে লিখেছেন, ‘আমার জন্য পাত্রী দেখুন।’

একজন তুলেছেন বাংলায় নির্বাচনে মোদীর প্রচারে ‘দিদি, ও দিদি’ প্রসঙ্গ। তিনি লিখেছেন, ‘যিনি মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে ওই ভাবে টিটকারি মারতেন, তিনি তার দলের অন্যদের এই পরামর্শই দেবেন।’

তবে, ওই মুখ ফস্কানো ছাড়া বাকি অনুষ্ঠান অবশ্য সাবলীল ভাবেই সামলেছেন মোদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত