অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল এক পরিবারের ৩ জনের

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০১:৫৯ এএম

বরিশালের উজিরপুর থেকে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি থাকা মা সাহেদা বেগমকে দেখতে আসছিলেন মেয়ে শারমিন আক্তার (৩৫)। এ সময় সঙ্গে ছিলেন বাবা আব্দুর রহমান (৬৫), স্বামী রিয়াজুল (৪৫) ও ৬ বছরের কন্যাশিশু বৃষ্টি। গতকাল শুক্রবার সকালে ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে নেমে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন যাত্রাবাড়ীর মাতুয়াইলে ভাইয়ের বাসায়। পথে ৭টার দিকে মাতুয়াইল মেডিকেলের সামনে পৌঁছালে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে পরিবারটির তিনজন প্রাণ হারান।

নিহতরা হলেন বাবা আব্দুর রহমান, মেয়ে শারমিন আক্তার ও জামাতা রিয়াজুল। একই ঘটনায় শারমিনের ৬ বছর বয়সী মেয়ে বৃষ্টি ও অটোরিকশাচালক রফিকুল ইসলাম (৪২) আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, নিহত আ. রহমান গ্রামে মাছের ব্যবসা করতেন। শারমিন গৃহিণী ও তার স্বামী বরিশালের বাবুগঞ্জ থানা এলাকার একটি এনজিওর ম্যানেজার ছিলেন। শারমিনের মেয়ে আহত বৃষ্টি স্থানীয় একটি স্কুলের নার্সারিতে পড়ে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল সকালে রাজধানীর রামপুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে রাজীব (৩৮) নামে একহন নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে রাকিব (১৯) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন।

নওগাঁর পতœীতলয় ট্রাক্টরের ধাক্কায় দুজন প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মাদারীপুরের ধুরাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ হারিয়েছে স্কুলছাত্র দুই চাচাতো ভাই। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদাতাদের পাঠানো খবর:

এক পরিবারের তিনজন নিহত : রাজধানীর যাত্রাবাড়ীতে একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সিএনজিচালিত অটোরিকশাকে বাস ধাক্কা দিলেন প্রাণ হারান তারা।

পুলিশ ও হাসপাতালে থাকা স্বজনরা দেশ রূপান্তরকে জানান, শুক্রবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতরা হলেন বাবা আব্দুর রহমান, মেয়ে শারমিন আক্তার ও জামাতা রিয়াজুল। একই ঘটনায় শারমিনের ৬ বছর বয়সী মেয়ে বৃষ্টি ও অটোরিকশাচালক রফিকুল ইসলাম আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শারমিনের বড় ভাই নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, তাদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মশান গ্রামে। তিন দিন আগে তাদের মা সাহেদা বেগমকে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। মাকে দেখতে শারমিন স্বামী, মেয়ে ও বাবাকে নিয়ে গ্রাম থেকে লঞ্চে করে সকালে ঢাকায় আসেন। লঞ্চ থেকে সদরঘাটে নেমে প্রথমে সেখান থেকে অটোরিকশাযোগে মাতুয়াইলে ভাই নজরুলের বাসায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার জানান, সকালে মাতুয়াইল মেডিকেলের সামনে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা চলছে।

পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ যায় আরও একজনের : গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর রামপুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রাজীব (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. নিজাম জানান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি গ্রামের আইয়ুব আলীর ছেলে রাজিব। এক ছেলে, দুই মেয়েসহ স্ত্রী লাকি বেগমকে নিয়ে খিলগাঁওয়ের সিপাহীবাগ আইসক্রিম ফ্যাক্টরির গলিতে থাকতেন। ভাড়ায় অটোরিকশা চালাতেন তিনি।

 রামপুরা থানার এসআই মোমিনুর রহমান দেশ রূপান্তরকে জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে রাস্তায় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। এমন সময় রামপুরা থেকে মালিবাগগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হন। খবর পাওয়ার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। রাজীবের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

নওগাঁয় ট্রাকের ধাক্কায় দুজন নিহত : নওগাঁর পতœীতলা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে নকুচা এলাকায় নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা একটি ভ্যানের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন উপজেলার আকবরপুর ইউনিয়নের বড় মহারন্দি পশ্চিমপাড়ার ফারুক হোসেন (৬৫) ও আকবরপুর ইউনিয়নের বড় মহারন্দি গ্রামর জুয়েল রানার স্ত্রী বুলবুলি আক্তার শাপলা (৩৫)। আহতদের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুজন পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নিহত বুলবুলি আক্তারের স্বামী জুয়েল রানা ও ভ্যানচালক সাইফুল ইসলাম।

পতœীতলা থানার ওসি শামসুল আলম শাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বড় মহারন্দি গ্রাম থেকে একটি ভ্যান যাত্রী নিয়ে নজিপুরের দিকে যাচ্ছিল। পথে নকুচা-করমজা মোড় এলাকায় ভ্যানের এক্সেল ভেঙে রাস্তায় দাঁড়ায় ভ্যানটি। এমন সময় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী বুলবুলি আক্তার মারা যান। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হাসপাতালে নিলে আহত ভ্যানযাত্রী ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মাদারীপুরে স্কুলছাত্র দুই চাচাতো ভাই নিহত : মাদারীপুরের ধুরাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ হারিয়েছে স্কুলছাত্র দুই চাচাতো ভাই। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ধুরাইলে হবিগঞ্জ ব্রিজ সংলগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলো নবম শ্রেণির ছাত্র নাঈম ও দশম শ্রেণির ছাত্র জনি।

পারিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টায় ধুরাইলে হবিগঞ্জ ব্রিজ সংলগ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে লোকমান ফরাজির ছেলে নাইম ফরাজি ও জহির ফরাজির ছেলে জনি ফরাজি গুরুতর আহত হয়। পরে নাইমকে মাদারীপুর সদর হাসপাতাল ও জনিকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় তারা।

ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট পোশাক শ্রমিক : ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছেন। তার নাম জেসমিন আক্তার (৩০)। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম বাজারে দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন জেসমিন আক্তার।

জেসমিন আক্তার উপজেলার বালিয়া ইউনিয়নের দুনীগ্রাম এলাকার ইউসুফ আলীর স্ত্রী। তিনি সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন জেসমিন আক্তার। পথে ধামরাইয়ের কাওয়ালিপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের নবগ্রাম বাজারে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় জেসমিন আক্তার ইজিবাইক থেকে ছিটকে মাটিতে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ শ্রমিক নিহত : চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাকিব (১৯) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কাচারি মোড়ে এ ঘটনা ঘটে। রাকিব শিবগঞ্জে ধাইনগর ইউনিয়নের গুপ্ত মানিক নাককাটিতলার রুবেলের ছেলে।

চাঁপাইনাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বালিয়াডাঙ্গার কাচারি মোড় নামক স্থানে একটি অটোরিকশা সাইকেল আরোহীকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত