বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ৯৬ রানে গুটিয়ে গেছে সিলেট সানরাইজার্স।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। দলীয় ৭ রানে বিদায় নেন ওপেনার-উইকেটরক্ষক এনামুল হক বিজয়।
এরপর সানরাইর্জার্সের আর কেউ বড় স্কোর করতে পারেননি। সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার কলিন ইনগ্রাম। ১৭ রান আসে রবি বোপারার ব্যাট থেকে। ১২ রান করেন সোহাগ গাজী। বাকিদের কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
১৯.১ ওভারে ৯৬ রানে থামে সিলেটের ইনিংস। তার মধ্যে তারা অতিরিক্ত পেয়েছে ১৯ রান। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম।
