চট্টগ্রামে হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২:২৫ পিএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা আবারও সহস্রাধিক হয়েছে। জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় এক হাজার ২৬ জনের নমুনায় ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। তবে এই সময়ে কোনো রোগী মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে রবিবার পাঠানো রিপোর্টে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর আটটি ল্যাবে গতকাল শনিবার ২ হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে শহরের বাসিন্দা ৮২২ জন ও ১৪ উপজেলার ২০৪ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আনোয়ারায় ৩০ জন, রাউজানে ২৭ জন, হাটহাজারীতে ১৯ জন, বোয়ালখালীতে ১৭ জন, মিরসরাই ও সাতকানিয়ায় ১৫ জন করে, সীতাকুন্ডে ১৪ জন, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে ১৩ জন করে, লোহাগাড়া ও পটিয়ায় ১১ জন করে, চন্দনাইশে ৮ জন, বাঁশখালীতে ৭ জন এবং সন্দ্বীপে ৪ জন। কর্ণফুলী উপজেলায় গতকালও কোনো রোগী শনাক্ত হয়নি।

জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ১১ হাজার ১২৩ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৮১ হাজার ১৮৪ জন ও গ্রামের ২৯ হাজার ৯৩৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত