রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় এবার পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৪:১৭ পিএম

রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আবারও মৃত্যুর ঘটনা ঘটেছে।

মহাখালীর ফ্লাইওভারের মুখে শনিবার দিবাগত রাত ২টার দিকে ঝাড়ু দেয়ার সময় একটি ময়লার গাড়িতে চাপা পড়েন শিখা রানী নামের এক পরিচ্ছন্নতাকর্মী।

পুলিশ জানায়, শিখা রানী মহাখালী ফ্লাইওভারের ওপরে রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় একটা ময়লার গাড়ি বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। তার মাথা ফেটে যায়। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, এ ঘটনায় অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিখা রানীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে গত কয়েক মাসে রাজধানীর দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত