শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মোল্লাপাড়ার কৃষক শরিফুল ইসলাম ইয়ারমিন হত্যার বিচার ও নিখোঁজ অশীতিপর এক বৃদ্ধাকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে মোল্লাপাড়ার আউয়াল মোল্লার বাড়িতে পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্যে নিহতের চাচি ফাতেমা কামাল বেলী বলেন, গত ১৯ জানুয়ারি সকালে পূর্ববিরোধের জের ধরে আবদুল লতিফ প্রামানিক গং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আমার ভাতিজা শরিফুল ইসলাম ইয়ারমিনকে নির্মমভাবে হত্যা করে।
এরপর ওইদিন রাতে আসামিরা ৮০ বছরের পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা সবুরা খাতুনকে অপহরণের পর গুম করে। তারা সবুরাকে হত্যা করে আমাদের নামে মামলা দেওয়ার পাঁয়তারা করছে বলে আমাদের ধারণা। দ্রুত সবুরা খাতুনকে উদ্ধার ও ইয়ারমিন হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন নিহত ইয়ারমিনের স্ত্রী রিতা খাতুন (২৬), ছেলে জুবায়ের (৭), ভাই মিজানুর রহমান মিন্টু এবং তৌফিকুর রহমান ও চাচা হাজি আবদুল আউয়াল মোল্লা।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শেখ মঈনুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
