উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে তিন হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিপুলসংখ্যক এসব অভিবাসীকে উদ্ধার করেন দেশটির কর্মকর্তারা। মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে এএফপি।
আইএনএম জানিয়েছে, মেক্সিকোর ওয়েস্টার্ন গালফ কোস্ট প্রদেশ ভেরাক্রুজ থেকে রবিবার সর্বশেষ ৩৮০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এসব অভিবাসীর একটি দলকে এক পর্যটন বাস থেকে এবং বাকি অংশকে ট্রাকের পেছনের অংশ থেকে উদ্ধার করা হয়।
মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, এর আগে একটি ক্যারাভ্যান থেকে আরও ৩১৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এসব অভিবাসী দক্ষিণাঞ্চলীয় মেক্সিকান শহর তাপাচুলা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছিল। একপর্যায়ে তাদের ক্যারাভ্যানটি হারিয়ে যায়। পরে তাদের উদ্ধার করা হয়।
এদিকে আরেক মেক্সিকান প্রদেশ ওক্সাকায় একটি ভুয়া লোগোসংবলিত অ্যাম্বুলেন্স থেকে দুই ডজনের বেশি অভিবাসীকে উত্তর আমেরিকার এ দেশটির কর্মকর্তারা উদ্ধার করেন বলে বিবৃতিতে জানানো হয়। উদ্ধার এসব অভিবাসীর কিছু অংশ মধ্য আমেরিকার বিভিন্ন দেশের বলে জানিয়েছে আইএনএম।
