চলাচলের অনুপযোগী হয়ে ওঠা দিনাজপুরের হিলি স্থলবন্দরের সড়কগুলো সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিলি হাকিমপুর নাগরিক কমিটি। আগামী ১৫ দিনের মধ্যে এসব সড়ক সংস্কারে পদক্ষেপ গ্রহণ না করলে আমরণ অনশনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় হাকিমপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিলির হাকিমপুর নাগরিক কমিটির আহ্বায়ক সামছুল হুদা খান।
তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি থেকে সরকার প্রতি বছর শত শত কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। কিন্তু রাস্তাঘাটগুলো বেহাল। আমদানি-রপ্তানির পণ্যবাহী হেভিওয়েট ট্রাকগুলো চলাচলের কারণে শহরের প্রধান প্রধান সড়ক একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
নাগরিক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী মধু, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
